জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ভাইরাল ভিডিওতে টাকা নেওয়ার দৃশ্য

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে টাকা গ্রহণ করছেন — ভাইরাল হওয়া ভিডিওর একটি দৃশ্য।
ছবি : ভিডিও থেকে নেওয়া






জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ইমামুর রশিদ ইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তিনি একজন নারীর কাছ থেকে ৭ লাখ টাকা গ্রহণ করছেন। ভিডিওটি রবিবার বিকেল থেকে ভাইরাল হয় এবং এটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, “এখানে সাত লাখ টাকা, ১০ লাখ থাকার কথা ছিল ভাইয়া। একটু ক্রাইসিস বুঝেন না!” উত্তরে ইমামুর রশিদ বলেন, “ভাইকে বলছেন?” জবাবে নারী বলেন, “হ্যাঁ বলেছি।”

ঘটনার পর এনসিপি নেতা ইমামুর রশিদ ইমন নিজের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে দাবি করেন, ওই নারী স্বেচ্ছায় দলের ফান্ডে অনুদান দিয়েছেন। তিনি আরও বলেন, “ঘটনার দিন সন্ধ্যায় সেই মহিলা ১০ লাখ টাকা দান করবেন বলে জানান। দলের পক্ষ থেকে ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি দায়িত্ব অনুযায়ী ফান্ডটি সংগ্রহ করে কোষাধ্যক্ষের কাছে জমা দিই।

ইমন আরও দাবি করেন, ওই নারী এর আগেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছেন। তিনি এই ঘটনাকে উদ্দেশ্যমূলক অপপ্রচার বলে উল্লেখ করেছেন।





এদিকে, সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, “জাতীয় নাগরিক পার্টির এক কেন্দ্রীয় নেতা এক মহিলাকে প্রজেক্টে কাজ দেওয়ার কথা বলে ৪৮ লাখ টাকা নিয়েছেন। কিন্তু কোনো কাজ দেননি। ওই নারী টাকা দেওয়ার ভিডিও ফাঁস করে দিয়েছেন।


WATCH VIDEO


তিনি আরও বলেন, “আপনাদের মূল পেশা হচ্ছে তদবিরবাজি। এই দালালি পেশায় বাটপারি করলে ধরা খেতেই হবে।

এনসিপির বিরুদ্ধে ওঠা এ অভিযোগ নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিও এবং ভুক্তভোগীর বক্তব্যকে কেন্দ্র করে নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে নেটিজেনরা।