ঝালকাঠিতে এনসিপি নেতাদের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ, কর্মসূচি সংক্ষিপ্ত করে শহর ত্যাগ
ঝালকাঠি, ১৪ জুলাই – আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটি গঠনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। রোববার এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে ঝালকাঠিতে আয়োজিত কর্মসূচি ছাত্রদের প্রতিবাদের মুখে সংক্ষিপ্ত করে দ্রুত শেষ করতে বাধ্য হন দলটির কেন্দ্রীয় নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে রাজাপুর উপজেলা থেকে গাড়িবহর নিয়ে ঝালকাঠিতে প্রবেশ করার সময় এনসিপি নেতারা প্রথম বাধার মুখে পড়েন। এরপর ফায়ার সার্ভিস মোড়ে সমাবেশস্থলে পৌঁছানোর চেষ্টা করলে শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কর্মীরা সড়ক অবরোধ করেন এবং গাড়ি ঘিরে স্লোগান দেন।
সন্ধ্যা ৭টার দিকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ফোন করে আন্দোলনকারী মিরাজ খান রনিকে নারী নেত্রীদের বহনকারী গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। কিছু সময় পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। পরবর্তীতে শহরের ইসলামী ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে এনসিপি নেতারা এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহিনুল ইসলাম মান্না জানান, “শিক্ষার্থীদের বাধার কারণে আমরা পরিকল্পিতভাবে কর্মসূচি সম্পন্ন করতে পারিনি। দুই জায়গায় বাধা পেয়েছি, তাই কেন্দ্রীয় নেতারা সীমিত পরিসরে কর্মসূচি শেষ করে ঝালকাঠি ছেড়ে গেছেন।
দিনভর বিক্ষোভ ও প্রতিরোধের প্রেক্ষিতে রাত সোয়া ৮টায় ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ তোলেন, তাদের সঙ্গে আলোচনা না করেই জেলা কমিটিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বসানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাইয়ান বিন কামাল, মাইশা মেহজাবীন ও অনামিকা দত্ত বৃষ্টি।
তবে এই অভিযোগ অস্বীকার করে জেলা এনসিপি নেতা মান্না বলেন, “অভিযোগগুলো ভিত্তিহীন। আমি আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে কমিটি গঠনের আগে-পরে নিয়মিত যোগাযোগ করেছি। আমাদের কমিটিতে কোনো আওয়ামী লীগ নেতাকর্মী নেই।”

0 মন্তব্যসমূহ