রবিবার (২৮ জুন) রাতে সংসদে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছে জোটের নেতারা। সোমবার (২৯ জুন) এক ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমানসহ প্রবীণ নেতৃবৃন্দ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান অভিযোগ করেন, গতকাল সংসদে বিরোধী দলের সদস্যদের বক্তব্য দেওয়ার নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট করে কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে মাত্র তিনজন বিরোধী দলীয় সংসদ সদস্য বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন।
তিনি বলেন, সরকারদলীয় সদস্যদের ক্ষেত্রে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় তার নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে প্রায় এক ঘণ্টারও বেশি সময় কথা বলার সুযোগ দেওয়া হয়। এমনকি রাত ১০টার পরও সরকারি দলের সদস্যদের নিয়মের বাইরে গিয়ে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী সমঝোতার সম্পূর্ণ বিরোধী।
সংসদে বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নাজিবুর রহমান। তার দাবি, কার্যপ্রণালী বিধির ৭৭ নম্বর বিধির যথাযথ অনুসরণ না করেই বিলগুলো সংসদে আনা হচ্ছে। নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের বিল পর্যালোচনা ও আপত্তি জানানোর জন্য পর্যাপ্ত সময় এবং প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, স্পিকারের বিশেষ এখতিয়ারকে নিয়মিত প্রক্রিয়ায় পরিণত করে প্রতিদিন নতুন বিল উপস্থাপন করা হচ্ছে।
এছাড়া পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার ঘটনাকেও ওয়াকআউটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
জোটের এক প্রবীণ সংসদ সদস্য গতকালের ঘটনাকে দেশের সংসদীয় ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক ও ঔদ্ধত্যপূর্ণ বলে মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সংসদে নির্ধারিত সময়ের প্রতি সম্মান রেখে বক্তব্য রাখতেন। অথচ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট বক্তব্য দিয়েছেন।
তিনি জানান, সরকারদলীয় সদস্যদের এমন আচরণের প্রতিবাদেই ১১ দলীয় জোটের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন। জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যদি ন্যায্য সুযোগ না দেওয়া হয়, তাহলে সেখানে অবস্থানের কোনো অর্থ থাকে না। জনগণের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে সব ধরনের গণতান্ত্রিক প্রতিবাদের পথ অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।

0 মন্তব্যসমূহ