বরিশালে এএসপি আফজাল হোসেন সাময়িক বরখাস্ত: কনস্টেবলের স্ত্রীর সঙ্গে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

Logo of the Indian police force, featuring a stylized emblem with national symbols and the words "Police" in English.





বরিশাল আরআরএফে (রিজার্ভ ফোর্স) কর্মরত কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব ও অর্থের লোভ দেখিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।



বুধবার (৩০ জুলাই) জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, পারিবারিক সমস্যার কারণে ওই কনস্টেবলের স্ত্রী মৌখিক অভিযোগ জানাতে গেলে সেখানে এএসপি আফজাল হোসেনের সঙ্গে দেখা হয়। এরপর তিনি হোয়াটসঅ্যাপে বারবার বার্তা পাঠিয়ে বিরক্ত করেন এবং স্বামী থাকা সত্ত্বেও অনৈতিক প্রস্তাব ও অর্থের লোভ দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এএসপি আফজাল কনস্টেবলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলা করার কু-পরামর্শ দেন এবং সংসার ভাঙার চেষ্টা করেন, যা গুরুতর নৈতিকতা বিরোধী ও অকর্মকর্তাসুলভ আচরণ হিসেবে বিবেচিত। এমনকি, কনস্টেবলের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকে দিয়েও মামলা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দায়েরের চেষ্টা করেন।





সুশৃঙ্খল বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে এমন অপেশাদার আচরণে পুলিশ বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এই আচরণ অসদাচরণের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় তাকে ২১ জুলাই থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে এএসপি আফজাল হোসেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।