কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ইমেল
এবার খুনের হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে কমেডিয়ান কপিল শর্মাকে, এবং এই হুমকি ই-মেলটি পাঠানো হয়েছে পাকিস্তান থেকে। এমন অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের আম্বোলি থানায়। শুধু কপিল শর্মা নয়, হুমকি ই-মেল এসেছে রেমো ডি’সুজা, রাজপাল যাদব, এবং সুগন্ধা মিশ্রার কাছেও। আম্বোলি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চার তারকা—কপিল শর্মা, রাজপাল যাদব, সুগন্ধা মিশ্রা এবং রেমো ডি’সুজার কাছে একটি হুমকি ই-মেল এসেছে, যার প্রেরকের নামের জায়গায় লেখা রয়েছে ‘BISHNU’।
ই-মেলে উল্লেখ করা হয়েছে, “আমরা আপনার প্রতিটি গতিবিধির উপর নজর রাখছি। এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, তাই আপনাকে আগেভাগেই সতর্ক করে দিচ্ছি। এটি কোনও পাবলিসিটি স্টান্ট বা বিরক্ত করার উদ্দেশ্যে নয়। অনুগ্রহ করে এই মেসেজটি গুরুত্ব দিয়ে দেখুন।”
পুলিশ আরও জানায়, ই-মেল প্রেরক ৮ ঘণ্টার মধ্যে এই তারকাদের কাছ থেকে প্রত্যুত্তর ই-মেল চেয়েছে। না হলে, ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রে বিষয়টি আরও গুরুতর হতে পারে, এমনও হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি ই-মেল পেয়ে সকলেই থানায় অভিযোগ দায়ের করেছেন।
বলিউডে এমন হুমকি দিয়ে ই-মেল পাঠানো নতুন ঘটনা নয়। এর আগেও সুপারস্টার সলমান খান এবং শাহরুখ খানকে হুমকি দেওয়া হয়েছিল। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির খবর প্রায়ই শিরোনামে আসে। সম্প্রতি সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনাও ঘটেছে, এবং শাহরুখ খানকে হুমকি দেওয়ার ঘটনায় বান্দ্রা থানায় অভিযোগ দায়ের হয়েছিল।

0 মন্তব্যসমূহ