২০২৫-এ কোন ১০টি হিন্দি ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা?
গত বছর মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্রগুলির মধ্যে কিছু ছবি যেমন বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে, তেমনি কিছু ছবি সাফল্যের পরেও বক্স অফিসের পরিসংখ্যানের ঊর্ধ্বে গিয়ে দর্শকের হৃদয়ে প্রভাব ফেলেছে। নতুন বছরে বলিউডে একাধিক প্রত্যাশিত সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যেগুলির মধ্যে ১০টি সিনেমা নিয়ে এক নজর ।
১) ইমার্জেন্সি: ছবির নাম ঘোষণা হওয়ার পর থেকেই এটি আলোচনায় চলে আসে, কারণ শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগার আশঙ্কা নিয়ে আদালতের দ্বারস্থ হয় শিরোমণি অকালি দল। অবশেষে ১৭ জানুয়ারি ছবিটি মুক্তির ঘোষণা করা হয়, যদিও সেন্সর বোর্ডের সাথে কিছু সমস্যাও ছিল।
২) লাহোর ১৯৪৭: গদর ২-এর সাফল্যের পর সানি দেওল আবারও বলিউডে ফিরে আসছেন নতুন সিনেমা নিয়ে। এটি একটি পিরিয়ড ড্রামা, যা ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। সানির বিপরীতে রয়েছেন প্রীতি জিন্টা এবং ছবিটি প্রযোজনা করেছেন আমির খান। সিনেমাটি বক্স অফিসে বেশ কিছু নতুন নজির গড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৩) ছাবা: প্রেম দিবসের দিন, ১৪ ফেব্রুয়ারি, ভিকি কৌশল মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজির পুত্র সম্ভাজি মহারাজের চরিত্রে বড় পর্দায় আসছেন। ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকের কৌতূহল বেড়ে গেছে।
৪) সিকন্দর: সলমন খান আবারও সিকন্দর হয়ে ফিরছেন বড় পর্দায়। ছবির প্রথম ঝলক ভাইরাল হয়েছে এবং এআর মুরুগাদস পরিচালিত এই ছবিতে সলমনের সাথে রোম্যান্স করবেন রশ্মিকা মন্দানা। ছবিটি মুক্তি পাবে মার্চ মাসে, ইদের সময়।
৫) রেড ২: ছ’বছর পর আসছে রেড এর সিক্যুয়েল। অজয় দেবগন আবারও অফিসার অময় পট্টনায়েকের চরিত্রে ফিরছেন। এই পর্বে তার বিপরীতে রয়েছেন রীতেশ দেশমুখ। ছবিটি ১ মে মুক্তি পাবে।
৬) হাউসফুল ৫: অক্ষয় কুমারের কমেডি ছবির মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিজ হাউসফুল এর পঞ্চম পর্ব মুক্তির জন্য প্রস্তুত। ছবিতে একঝাঁক তারকা অভিনয় করবেন, যার মধ্যে রয়েছেন অভিষেক বচ্চন, ফরদিন খান এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবিটি ৬ জুন মুক্তি পাবে।
৭) ওয়ার ২: ওয়ার সিনেমার সাফল্যের পর হৃতিক রোশন আবারও একশন হিরো হয়ে ফিরছেন। দ্বিতীয় পর্বের খল চরিত্রে জুনিয়র এনটি উপস্থিত থাকবেন, যা ছবির অন্যতম চমক হতে চলেছে।
৮) থামা: আয়ুষ্মান খুরানা এবার হরর কমেডি ছবিতে অভিনয় করছেন। ছবির নাম থামা, যা দীপাবলিতে মুক্তি পাবে। রশ্মিকা মন্দানা তার সাথে থাকবেন।
৯) ১২০ বাহাদুর: দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন ফারহান আখতার। ২০২১ সালের তুফান ছবির পর তিনি এবার সেনার ভূমিকায়। ছবির প্রেক্ষাপট ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ। ছবিটি ২১ নভেম্বর মুক্তি পাবে।
১০) আলফা: যশরাজ ফিল্মস এর নতুন গুপ্তচর ব্রহ্মাণ্ডে এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মহিলাদের। আলিয়া ভট্ট এবং শর্বরী ওয়াগ অভিনয় করবেন, খল চরিত্রে থাকবেন ববি দেওল। ছবিটি ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।

0 মন্তব্যসমূহ